শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬

বকশীগঞ্জে দুই সাংবাদিকসহ গ্রেপ্তার ৩ জন।

বিদ্যুতের লোডশেডিং নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সরকারবিরোধী স্ট্যাটাস দেওয়ার অভিযোগে জামালপুরের বকশীগঞ্জে গোলাম রব্বানী নাদিম ও মতিন রহমান নামের দুই সাংবাদিক এবং আবদুল্লাহ আল সাফী লিপন নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে বকশীগঞ্জ পৌর শহরের কাচারিপাড়া এলাকা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাপ্তাহিক বকশীগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক গোলাম রব্বানী নাদিম গত শনিবার তাঁর ফেসবুকে বিদ্যুতের লোডশেডিং নিয়ে সরকারবিরোধী একটি স্ট্যাটাস দেন। যদিও তিনি পরে স্ট্যাটাসটি ফেসবুক থেকে সরিয়ে ফেলে সরকারের সমর্থনে আরেকটি স্ট্যাটাস দেন। তবে একই ধরনের আরেকটি স্ট্যাটাস দেন স্থানীয় একটি পত্রিকার বকশীগঞ্জ প্রতিনিধি মতিন রহমান ও বকশীগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল সাফী লিপন। তাঁদের ওই স্ট্যাটাস জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে বকশীগঞ্জ পৌর শহরের কাচারিপাড়া এলাকা থেকে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে গ্রেপ্তার করে। এরপর ওই রাতেই মতিন রহমান ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল সাফী লিপনকেও গ্রেপ্তার করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন জানান, বকশীগঞ্জ থানার এসআই নয়ন দাস বাদী হয়ে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমসহ ১৫ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।(কালেরকন্ঠ)


SHARE THIS

0 মন্তব্য(গুলি):